প্রিন্ট এর তারিখঃ Jun 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 12, 2026 ইং
বাংলাদেশকেও উন্নতির শিখরে পৌঁছাতে হবে মির্জা ফখরুল উদাহরণ চীনের

বাংলাদেশকেও উন্নতির শিখরে পৌঁছাতে হবে মির্জা ফখরুল উদাহরণ চীনের
নুর ইসলাম,
ঠাকুরগাঁও প্রতিনিধি,
চীন একটি অত্যন্ত শক্তিশালী ও দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন প্রতিদিন বদলাচ্ছে এবং ক্রমাগত উন্নতির শিখরে পৌঁছাচ্ছে। দেশটি তার নিজস্ব জনগণের কল্যাণের পাশাপাশি এখন বাংলাদেশের সার্বিক উন্নয়নে বড় ধরণের সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমাদের রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ ও বিশ্ববিদ্যালয় নির্মাণে চীনের ভূমিকা অনস্বীকার্য।
আজ শুক্রবার ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে শিশু শিক্ষার্থীদের মাঝে চীন সরকারের পক্ষ থেকে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী চীনের রাষ্ট্রদূতের সাথে তার ব্যক্তিগত বন্ধুত্বের কথা উল্লেখ করে বলেন, "ইতিমধ্যে আমি দুবার চীন সফর করেছি। সেই সুবাদেই উনাকে বিশেষভাবে ঠাকুরগাঁওয়ে দাওয়াত করে নিয়ে এসেছি। আমরা ঠাকুরগাঁওয়ে নতুন নতুন শিল্প-কলকারখানা তৈরি করতে চাই। চীনা রাষ্ট্রদূত আমাদের এই শিল্পায়নের কাজে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
মন্ত্রী আরও জানান যে, আগামী বছর চীনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঠাকুরগাঁওয়ে আসবেন এবং এখানকার স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে বিনিয়োগ ও শিল্প কারখানা স্থাপনের রূপরেখা চূড়ান্ত করবেন। শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চীন সরকারের সৌজন্যে এলাকার মোট ৬,৫০০ জন শিশু শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও বিভিন্ন আকর্ষণীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপহার পেয়ে খুদে শিক্ষার্থীদের মাঝে আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে।
আজ রোজ শুক্রবার ১২ জুন ২০২৬ ইং।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪